পাইকগাছায় অন্যের ধান ও চিংড়ি ঘের দখলের হুমকি আদালতে মামলা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় অন্যের লাগানো ধান ও চিংড়ি ঘের দখলের হুমকি দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের আদালতে মামলা হয়েছে। একই সাথে এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া মৌজায় ৩৬ বিঘা জমি রয়েছে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই জমিতে দিপংকর মল্লিক দীর্ঘদিন ধরে ধান ও মাছ চাষ করছেন। গত ৩০ ডিসেম্বর প্রতিপক্ষ পুলিন বিহারী মল্লিক, আল্লাদ মল্লিকরা প্রকাশ্যে ওই জমির ধান কেটে নেয়া ও চিংড়ি ঘের দখলের হুমকি দেয়। জমিতে না যাওয়ার জন্য তারা দিপংকরদের শাসিয়ে যায়। ফলে উভয়ের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধ এড়াতে থানায় অভিযোগ হলে দু’পক্ষ কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় দিপংকর মল্লিক বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের আদালতে বুধবার ১৪৪ ধারায় একটি মামলা করেন। আদালত শুনানি শেষে রায় প্রদান করবেন বলে আইনজীবী মুহতাছিম বিল্লাহ জানান। প্রতিপক্ষ পুলিন বিহারী মল্লিকরা জানান, তাদের বৈধ কাগজপত্র রয়েছে বিধায় ওই জমির দাবিদার।

ভাগ